চ্যাম্পিয়ন লিজেন্ডস অব তুলশীমালা
শেরপুরে স্পোর্টস লিজেন্ডস অ্যাসোসিয়েশন (এসএলএ) এর উদ্যোগে লিজেন্ডস ক্রিকেট কাপ-২০২৬ সিজন-৩’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ মঙ্গলবার বিকেলে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে আয়োজিত ওই ফাইনাল খেলায় লিজেন্ডস অব দশকাহনীয়াকে ৭ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় লিজেন্ডস অব তুলশীমালা।

খেলার শুরুতে টসে জিতে বোলিং বেছে নেয় লিজেন্ডস অব তুলশীমালা। ব্যাটিং-এ নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে লিজেন্ডস অব দশকাহনীয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন সাদ্দাম। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লিজেন্ডস অব তুলশীমালা। দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেন অধিনায়ক মনিরুজ্জামান মনি। এতে ফাইনালে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছেন মনি। এছাড়া উদ্বোধনী খেলায় শতক হাঁকিয়ে ম্যান অব দি টুর্নামেন্ট ও সেরা ব্যাটারও নির্বাচিত হয়েছেন তিনিই।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে পুরস্কার হিসেবে ট্রফি ও মেডেল তুলে দেন নবনির্বাচিত জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, বিশিষ্ট সমাজসেবী ও শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়াসহ অন্যান্য অতিথিবৃন্দ।

উল্লেখ্য, শেরপুরের সাবেক লিজেন্ড ক্রিকেটারদের সংগঠন স্পোর্টস লিজেন্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতি বছর ঈদের পর লিজেন্ডস ক্রিকেট কাপ অনুষ্ঠিত হচ্ছে। এ টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করেছে। দলগুলো হচ্ছে লিজেন্ডস অব শের আলী গাজী, লিজেন্ডস অব ব্রহ্মপুত্র, লিজেন্ডস অব দশকাহনীয়া ও লিজেন্ডস অব তুলশীমালা। এ টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে ছিল উত্তরা স্পেশালাইজড হসপিটাল। এছাড়া কো-স্পন্সর হিসেবে ছিল মাদকাসক্তি নিরাময় কেন্দ্র-সজন, বিয়ন লিমিটেড ও মানজিল হাউজিং লিমিটেড। এছাড়া টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ছিল সরকার নিবন্ধিত বৃহত্তর ময়মনসিংহ বিভাগের প্রথম অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম। টুর্নামেন্টটি সফলভাবে শেষ হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন আয়োজকরা।




