শেরপুরের নালিতাবাড়ীতে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ১০০টি অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন। ১ মার্চ রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের স্বেচ্ছাসেবকেরা সরাসরি উপকারভোগীদের হাতে ঈদসামগ্রী তুলে দেন। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ডাল, চিনি, ছোলা-বুট, সয়াবিন তেল, পেঁয়াজ, আলু, সাবান, গুঁড়ো দুধ, মুড়ি ও সেমাই। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এসব খাদ্যসামগ্রী রমজানের ইফতার ও ঈদের প্রস্তুতিতে সহায়ক হবে।
সংগঠনটির চেয়ারম্যান সদরুল আমিন জাবির বলেন , “রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন সবসময় চেষ্টা করে যাচ্ছে যেন কোনো পরিবার অভাবে না থাকে। সবার সম্মিলিত সহযোগিতায় আমরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সহযোগিতায় এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের স্বেচ্ছাসেবকেরা।
উপকারভোগী পরিবারগুলো এ উদ্যোগের জন্য সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।




