প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা। ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এই সাক্ষাতে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতা জোরদারে তিন বাহিনী প্রধানের পাশাপাশি প্রধানমন্ত্রী গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন। সকালে তিনি জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালকদের সঙ্গে পৃথকভাবে কথা বলেন।
এসব বৈঠকে দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় থেকে একযোগে এই উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকগুলো বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক অবস্থানকে স্পষ্ট করছে।

এদিকে, দ্বিতীয় দিনের মতো আজ সচিবালয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন তিনি।




