শেরপুরের নালিতাবাড়ীতে ভোগাই নদীতে ডুবে ইয়াসিন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ৭ জানুয়ারি বুধবার দুপুরে নালিতাবাড়ী পৌর শহরের গড়কান্দা কাচারিপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। ইয়াসিন ওই এলাকার হৃদয় মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, নিহত শিশুটির বাড়ি ভোগাই নদীর তীরে। দুপুরের দিকে স্থানীয় কয়েকজন শিশু নদীতে গোসল করতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় ইয়াসিনের মরদেহ দেখতে পায়। পরে তারা পরিবারের সদস্যদের খবর দেয়। স্বজনরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার ও স্থানীয়দের ভাষ্য, ইয়াসিন কিছুটা প্রতিবন্ধী ছিল। ধারণা করা হচ্ছে, পরিবারের সদস্যদের অজান্তে সে নদীর পানিতে পড়ে গিয়ে ডুবে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের বলেন, হাসপাতালে আনার পূর্বেই পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়।




