জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গোসল করতে গিয়ে নিখোঁজ আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ জনে। এখনো এক শিশু নিখোঁজ রয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চর ভাটিয়ানী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। ১ নভেম্বর শনিবার সকালে নদী থেকে কুলছুমের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেলোয়ার হোসেন।

জানা যায়, শুক্রবার বিকেলে ফুটবল খেলা শেষে পাঁচ শিশু বাড়ির পাশে ঝিনাই নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে উদ্ধারকারিরা গতকালই আবু হাসান (১২), পলি আক্তার (৮) ও ছায়েবা আক্তারের (৮) মরদেহ উদ্ধার করে। এছাড়া বৈশাখী (১০) ও কুলসুম (১৩) নামে দুই শিশু নিখোঁজ ছিল।
এ বিষয়ে মাদারগঞ্জ থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, শুক্রবার স্থানীয় একটি স্কুল মাঠে ফুটবল খেলা শেষে সন্ধ্যায় কয়েকজন শিশু ঝিনাই নদীতে গোসল করতে নামে। এর মধ্যে পাঁচ শিশু ডুবে নিখোঁজ হয়। পরে আরেকটি শিশু বাড়িতে খবর দিলে স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে।




