জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ মন্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের সব দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। ২৬ আগস্ট মঙ্গলবার বিএনপির একটি সূত্র ওই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, ২৪ আগস্ট ২০২৫ তারিখে ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তিনি সময় বর্ধিত করার জন্য আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ২৫ আগস্ট নোটিশের লিখিত জবাব দেওয়ার জন্য আরও ২৪ ঘণ্টা সময় বর্ধিত করা হয়। তবে ২৬ আগস্ট দেওয়া জবাব দলকে সন্তোষজনক মনে হয়নি।
বিএনপির সিদ্ধান্তে বলা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হলো।

এছাড়া ফজলুর রহমানকে সতর্ক করা হয়েছে, এখন থেকে টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বক্তব্য দেওয়ার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা ক্ষুণ্ন না হয় এবং জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন।
দলের এই সিদ্ধান্তকে ফজলুর রহমানের রাজনৈতিক দায়িত্ব এবং সামাজিক কর্মকাণ্ডে প্রভাবিত হওয়ার বিষয় হিসেবে দেখা হচ্ছে।




