শাকিব খান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাওয়ার পরেই খবর পাওয়া গিয়েছিল বুবলী সেখানে যাচ্ছেন। ছেলে শেহজাদ খান বীরকে সময় দেওয়ার জন্য শাকিবের আহবানেই বুবলী নিউইয়র্ক যাচ্ছেন। তবে কবে যাচ্ছেন বা যাবেন সে তথ্য উভয়ই গোপন রাখেন। গোপনীয়তা ভেদ করে জানা গেল বুবলী নিউইয়র্কে চলে গেছেন। সেখানে শাকিবের সঙ্গে ছেলেকে পার্কে ঘুরছেন বুবলী। কালের কণ্ঠের হাতে বেশ কিছু ছবি এসেছে। যেখানে দেখা যাচ্ছে নিউ ইয়র্কের রুজভেলট আইল্যান্ডে বেড়াতে গেছেন শাকিব খান। সঙ্গে ছেলে শেহজাদ খান বীর ও শবনম বুবলী। এদিকে চলতি মাসেই শাকিবের দেশে ফেরার কথা রয়েছে।

তাদেরকে পার্কে একটি কালো রঙের গাড়িতে করে এসে নামতে দেখা যায়। গাড়ি থেকে নেমেই শাকিব বীরের হাত ধরে এগিয়ে যাচ্ছিলেন, পেছনে পেছনে আসছিলেন বুবলী। ধারণা করা হচ্ছে নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকা এড়িয়েই ছেলেকে নিয়ে একটু ঘুরে বেড়াতে রুজভেলট আইল্যান্ড বেছে নেন।
২ বছর আগে বড় ছেলে আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়িয়েছিলেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। ওইসময় আব্রামকে সঙ্গে নিয়ে নিউইয়র্ক, নায়াগ্রা থেকে শুরু করে বিভিন্ন শহরে সময় কাটিয়েছেন শাকিব। বলেছিলেন, আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর স্মৃতি। দেশে ফিরে সংবাদকর্মীদের মুখোমুখি হয়েও সেই সফর নিয়ে কথা বলেছিলেন শাকিব।

সেইসঙ্গে জানিয়েছিলেন, সময় সুযোগ হলে ছোট ছেলে শেহজাদ খান বীরকেও একইরকম সুন্দর স্মৃতি উপহার দিতে চান তিনি। ঠিক ২ বছর পর সেই ইচ্ছারই বাস্তবায়ন ঘটতে যাচ্ছে ছোট ছেলে শেহজাদ খান বীরের ক্ষেত্রে। এবারের যুক্তরাষ্ট্র সফরে কিছু দিনের জন্য শেহজাদকেও পাশে পাচ্ছেন এই তারকা বাবা।




