খুলনা মহানগরীর দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমানকে (৪০) নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১১ জুলাই শুক্রবার দুপুর দেড়টার দিকে দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা পশ্চিমপাড়ার নিজ বাড়ির সামনে ওই ঘটনা ঘটে। নিহত মাহবুবুর রহমান মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল করিম মোল্লার ছেলে।

জানা যায়, মাহবুবুর রহমান মোল্লা বাড়ির সামনে প্রাইভেটকার পরিষ্কার করছিলেন। ওইসময় মোটরসাইকেলে করে ৩ জন অজ্ঞাত ব্যক্তি প্রথমে মাহবুবুর রহমানের মাথায় কয়েকটি গুলি ও পরে পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে যুবদলের এই সাবেক নেতার হত্যার খবর পেয়ে খুলনা মহানগর ও দৌলতপুরের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খুমেক হাসপাতালে ছুটে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত মাহবুবুর রহমানের মরদেহ খুমেক হাসপাতালের মর্গে আছে।
এ ব্যাপারে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওনি) মীর আতাহার আলী বলেন, মাহবুবুর দুপুরে বাসার সামনে নিজের প্রাইভেটকার পরিষ্কার করছিলেন। এ সময় হেলমেট পরা অবস্থায় ৩ জন একটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করতে থাকে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে পরে মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য দুর্বৃত্তরা তার ২ পায়ের রগ কেটে পালিয়ে যায়। তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে ৪টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগেছে। ঘটনার খবর পেয়ে কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।





