রক্তদান একটি মহৎ, প্রয়োজনীয় ও প্রশংসিত কাজ। তবে রক্ত দেওয়ার আগে কিছু নিয়ম মানা অত্যন্ত জরুরি। তা না হলে নিজের শরীরের ক্ষতি হতে পারে। সঠিক খাবার খেয়ে ও শরীরের যত্ন নিয়ে রক্তদান করলে আপনি যেমন সুস্থ থাকবেন, তেমনি অন্যের জীবন বাঁচাতেও পারবেন। চলুন, জেনে নিই রক্তদানের আগে কী কী খাওয়া উচিত এবং কী কী এড়িয়ে চলা প্রয়োজন।

রক্তদানের আগে কী কী খাবেন:
১। আয়রনসমৃদ্ধ খাবার খান
রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক রাখতে আয়রন দরকার। রক্তদানের আগে পালংশাক, মেথিশাক, কলাশাকসহ যেকোনো সবুজ শাক খেতে পারেন। আয়রনের ঘাটতি থাকলে রক্তদান সম্ভব না-ও হতে পারে।

২। ভিটামিন ‘সি’যুক্ত ফল ও সবজি
ভিটামিন সি আয়রন শোষণে সাহায্য করে। তাই রক্তদানের আগে কমলা, লেবু, টমেটো বা আমলকীর মতো ফল খেতে পারেন।
৩। শরীরকে রাখুন হাইড্রেটেড
রক্ত দেওয়ার আগে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া জরুরি। তাতে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে এবং দুর্বল লাগার সম্ভাবনা কমে। পানি বা হালকা ফলের রস খেতে পারেন, তবে খুব মিষ্টি বা কোল্ড ড্রিংকস না খাওয়াই ভালো।
৪। খালি পেটে নয়
রক্ত দেওয়ার আগে একেবারে খালি পেটে থাকা ঠিক নয়। তবে খুব ভারী খাবারও খাবেন না। হালকা সুষম আহার যেমন- ডিম, পনির, সবজি, ডাল, ফল এ ধরনের খাবার খেতে পারেন।
কী কী খাবেন না:
১। জাংক ফুড ও তেল-মসলাযুক্ত খাবার এড়িয়ে চলুন
ফাস্ট ফুড, অতিরিক্ত তেল-ঘি দেওয়া খাবার বা ভাজাপোড়া খাবার রক্তের মান নষ্ট করতে পারে। এসব খেয়ে রক্ত দিলে তা গ্রহণকারীর শরীরেও সমস্যা হতে পারে।
২। অ্যালকোহল বা ক্যাফেইনযুক্ত পানীয় এড়িয়ে চলুন
এগুলো শরীরকে দ্রুত ডিহাইড্রেট করে, যা রক্তদানে ঝুঁকি বাড়াতে পারে।
টিপস:
রক্তদানের অন্তত ২৪ ঘণ্টা আগে ও পরে পর্যাপ্ত বিশ্রাম নিন। যদি শরীরে কোনো অসুস্থতা থাকে বা ওষুধ খাচ্ছেন, তবে রক্তদানের আগে চিকিৎসকের পরামর্শ নিন। নিয়মিত আয়রনসমৃদ্ধ খাবার খেলে ভবিষ্যতেও রক্তদান সহজ হবে।




