ময়মনসিংহের গফরগাঁও ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে শাপলা আক্তার (১৪) নামে ষষ্ঠ শ্রেণির এক মাদরাসা শিক্ষার মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরিফ (৮) ও জোবায়ের (৮) নামে অপর ২ শিশু শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। ১ জুলাই মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার পাগলা থানাধীন টাঙ্গাব ইউনিয়নের বাসিয়া-পুডিরঘাট এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার চরআলগী গ্রামের মাইনুদ্দিনের কন্যা ও দত্তের বাজার-বিরই দাখিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজ আরিফ একই গ্রামের হাবিব মিয়া ও জোবায়ের মমতাজ মিয়ার ছেলে এবং একই মাদরাসার এফতেদায়ি শাখার প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে টাঙ্গাব বাসিয়া-পুডিরঘাট এলাকায় ব্রহ্মপুত্রের অপর পাড় থেকে শিক্ষার্থীসহ অন্য যাত্রীদের নিয়ে একটি খেয়া নৌকা আসার সময় হঠাৎ স্রোতের টানে ডুবে যায়। ওইসময় অন্য যাত্রীরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও শাপলা আক্তার, আরিফ ও জোবায়ের নামে তিন শিক্ষার্থী উঠতে পারেনি। পরে শাপলা আক্তারকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু শিশু শিক্ষার্থী জোবায়ের ও আরিফের সন্ধ্যান পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
দত্তের বাজার-বিরই দাখিল মাদরাসার সুপার মোখলেছুর রহমান বলেন, খুবই হৃদয়বিদারক একটি ঘটনা ঘটে গেলো। ৩ জনই আমার মাদরাসার শিক্ষার্থী। শাপলা আক্তার নবম শ্রেণির এবং জোবায়ের ও আরিফ প্রথম শ্রেণির শিক্ষার্থী।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, খবর পেয়ে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী আক্তারুল আলম ও আমি ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনা করি। উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।




