টানা ৪০ দিন তালাবদ্ধ থাকার পর অবশেষে খুলেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবন। ২৩ জুন সোমবার সকাল থেকে কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন।

নগর ভবনে সকাল থেকেই কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি বাড়তে থাকে। তবে প্রশাসক শাহজাহান মিয়াসহ কয়েকজন প্রকৌশলীর কক্ষ এখনও তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে।
জানা যায়, মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের অবিলম্বে শপথগ্রহণের দাবিতে তার সমর্থকেরা গত ১৪ মে আন্দোলন শুরু করেন। এর পরদিন, অর্থাৎ ১৫ মে থেকে নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এর ফলে স্থবির হয়ে পড়ে ডিএসসিসির নাগরিক সেবা কার্যক্রম।

রবিবার আন্দোলনের সমন্বয়ক ও সাবেক সচিব মশিউর রহমান ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীদের কাজে ফেরার আহবান জানান। তার আহবানের পরই আজ সকাল থেকে নগর ভবনে পুনরায় কাজকর্ম শুরু হলো।




