জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশের খবর ফলাও করে প্রচার করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। রয়টার্স শিরোনাম করেছে, প্রধানমন্ত্রী হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর রাজনৈতিক দল করলো বাংলাদেশি শিক্ষার্থীরা।

আল জাজিরা প্রতিবেদনে বলেছে, প্রধানমন্ত্রী হাসিনাকে ক্ষমতাচ্যুত করা বাংলাদেশি শিক্ষার্থীরা নির্বাচনে লড়তে নতুন দল গঠন করেছে। এপি নিউজ শিরোনাম করেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা বিক্ষোভের নেতৃত্ব দেওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করেছে।
ব্লুমবার্গ নিউজ শিরোনাম করেছে, বাংলাদেশের শিক্ষার্থীরা, যারা হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছিল তারা নতুন রাজনৈতিক দল করেছে।

শুক্রবার রাজধানীর সংসদ ভবনের পাশের মানিক মিয়া এভিনিউয়ে এক সমাবেশে নতুন দল ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) নেতারা জানান, তারা বিভেদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের রাজনীতি, দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতা ও সুশাসন এবং একটি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে দেশ গড়তে চান।
‘ন্যাশনাল সিটিজেন পার্টি’র নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। তিনিই আন্দোলনকারীদের সংগঠিত করতে এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রীকে গত আগস্টে দেশত্যাগে বাধ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।




