লা লিগায় সেভিয়ার বিপক্ষে সহজ জয় পেয়ে লিগ টেবিলের শীর্ষ ২ দলের সঙ্গে ব্যবধান কমিয়েছে বার্সেলোনা। ৯ ফেব্রুয়ারি রবিবার রাতে রামন সানচেজ স্টেডিয়ামে সেভিয়াকে ৪-১ গোলে হারিয়েছে ফ্লিকের দল। ওই জয়ে রিয়াল ও আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমাল তারা।

সেভিয়ার বিপক্ষে ফের্মিন লোপেস এলেন, গোল করলেন, মাঠ ছাড়লেন। বদলি হিসেবে তিনি খেলতে পারলেন মাত্র ১৫ মিনিট। গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর তাকে মাঠ ছাড়তে হলো লাল কার্ড দেখে। শেষ আধা ঘন্টা ১০ জন নিয়ে খেলেছে তারা।
শুরুতেই ২ দল একটি করে গোল করে। ৭ মিনিটে রাফিনিয়ার ক্রসে ইনিগো মার্তিনেসের হেড পাস পেয়ে বল জালে পাঠান পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। তবে পরের মিনিটেই সমতায় ফেরে স্বাগতিকরা। সতীর্থের লম্বা করে বাড়ানো বল ধরে অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সে ঢুকে সাউল নিগোয়েজের পাস পেয়ে গোল করেন ভার্গাস। প্রথমার্ধ এক গোলের সমতাতেই শেষ হয়।

ম্যাচের দ্বিতীয় হাফে গাভির বদলি হিসেবে নামা ফের্মিন লোপেজ গোল আদায় করে নেন ৪৬তম মিনিটেই। পেদ্রির ক্রসে লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন তিনি। ৫৫তম মিনিটে চমৎকার গোলে ব্যবধান বাড়ান রাফিনিয়া। কুবার্সির পাস পেয়ে বক্সের বাইরে এক ডিফেন্ডারকে কাটিয়ে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে শটে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
এর পর ৬২তম মিনিটে ১০ জনে পরিণত হয় বার্সা। সেভিয়ার জিব্রিলকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফের্মিন লোপেজ। আধ ঘণ্টার বেশি সময় পেয়েও ১০ জনের বার্সেলোনাকে কোনো গোল দিতে পারেনি সেভিয়া। উল্টো ৮৯তম মিনিটে আরও এক গোল হজম করে স্বাগতিকরা। বার্সার চতুর্থ গোলটি করেন এরিক গার্সিয়া।
এ নিয়ে ২৩ ম্যাচে ১৫ জয় ও ৩ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ দুইয়ে, ৫০ পয়েন্ট নিয়ে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ চূড়ায় আছে। আর নবম হারের তেতো স্বাদ পাওয়া সেভিয়া ২৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে।




