ঝালকাঠির গাবখান সেতুর টোলপ্লাজায় ট্রাক-প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। ১৭ এপ্রিল বুধবার দুপুর ২টার দিকে সদর উপজেলার গাবখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জেলা সিভিল সার্জন ড. জহিরুল ইসলাম ওই তথ্য নিশ্চিত করেছেন।

ঝালকাঠির জেলা প্রশাসক তারাহ গুল নিঝুম জানান, ঝালকাঠির গাবখান সেতু টোলপ্লাজায় সিমেন্টবোঝাই একটি ট্রাক ৩টি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি প্রাইভেটকারকে পেছন থেকে চাপা দেয়। এতে ২ শিশু ও ২ নারীসহ ৮ জন ঘটনাস্থলেই মারা যান। পরে আহতদের গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে সেখানে আরও ২ শিশু ও ২ পুরুষ মারা যান।
স্থানীয়রা জানিয়েছেন, মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছেন। টোল ঘরের একজন স্টাফ জানান, টোল দেওয়ার অপেক্ষায় ছিল অটোরিকশা, প্রাইভেটকারসহ বেশ কিছু যানবাহন। সিমেন্টবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সব গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ছিটকে পড়লে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্পেশাল অফিসার শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় সিমেন্টবোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত যানবাহনগুলোর উদ্ধার কার্যক্রম চলমান আছে। দুর্ঘটনার তদন্তে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিনকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ ব্যাপারে ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহিতুল ইসলাম বলেন, হতাহতদের উদ্ধারে কাজ চলছে।




