কোস্টগার্ডের নবনিযুক্ত মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেছেন, ‘বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে চলমান উত্তেজনায় আমরা সতর্ক অবস্থানে আছি। সীমান্তবর্তী এলাকায় কোস্টগার্ডের টহল জোরদার করেছি। জনবল বৃদ্ধি করেছি। বিভিন্ন ধরনের যন্ত্রপাতি-সরঞ্জাম বৃদ্ধি করেছি।’ এরশাদ আলী আরও বলেন, ‘আমরা সার্বক্ষণিক মনিটর করছি। আমাদের অবস্থান হচ্ছে মেরিটাইম নিরাপত্তায় সামুদ্রিক যে নিরাপত্তা আছে সে নিরাপত্তার কোনো ব্যত্যয় ঘটতে দেব না। এ বিষয়ে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং অঙ্গীকারবদ্ধ।’ তিনি শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এরশাদ আলী বলেন, ‘প্রধানমন্ত্রীর ভিশন স্মার্ট বাংলাদেশ। সেই স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কোস্টগার্ড নিশ্চয়ই একটি গুরুত্বপূর্ণ মেরিটাইম সংস্থা হিসেবে সহযোগী হবে। তাই আমার নেতৃত্বাধীন বাংলাদেশ কোস্টগার্ডকে সেই পর্যায়ে নিয়ে যাব।’ তিনি আরও বলেন, ‘আমাদের ফরেন পলিসি জাতির পিতা বঙ্গবন্ধু যেটা দিয়ে গেছেন সেটা হচ্ছে, “কারও সঙ্গে শত্রুতা নয় সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক” আমরা বজায় রাখব। ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের কারও সঙ্গে কোনো বৈরিতা নাই সবার সঙ্গে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেনটেইন করে চলতে চাই।’
নতুন করে রোহিঙ্গা দেশে প্রবেশে করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে এরশাদ আলী বলেন, ‘১ দশমিক ২ মিলিয়ন রোহিঙ্গাকে ইতিমধ্যে আমরা আশ্রয় দিয়েছি। আমাদের বর্তমান অবস্থান হচ্ছে এই সমস্যার সমাধান করা। রোহিঙ্গা নেওয়া বা বের করে দেওয়া আসলে কোনো সমাধান না। এর জন্য একটা দীর্ঘস্থায়ী সমাধান দরকার, যেটা তাঁদেরকেই করতে হবে।’

এরশাদ আলী আরও বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে চলমান উত্তেজনায় আমরা সতর্ক অবস্থানে আছি। সীমান্তবর্তী এলাকায় কোস্টগার্ডের টহল জোরদার করেছি। জনবল বৃদ্ধি করেছি। বিভিন্ন ধরনের যন্ত্রপাতি-সরঞ্জাম বৃদ্ধি করেছি। সরকারের নির্দেশনা অনুযায়ী আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দিতে চাই না।’
শনিবার বেলা ১১টায় কোস্টগার্ডের নবনিযুক্ত মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী টুঙ্গিপাড়া পৌঁছান। এরপর বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সূরা ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন তিনি। এরপর সমাধি সৌধ কমপ্লেক্সের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন মহাপরিচালক। ওইসময় কোস্টগার্ডের পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক, কোস্টগার্ডের ক্যাপ্টেন এস এম সুমন হায়দার, গোপালগঞ্জ জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক আজহারুল ইসলাম, টুঙ্গিপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার আমিনুর রহমানসহ কোস্টগার্ড সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









