জয়পুরহাটে চাঞ্চল্যকর স্কুলছাত্র মোয়াজ্জেম হোসেন হত্যা মামলায় ১১ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের রায় দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়। ৩১ জানুয়ারি বুধবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন ওই রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে ১১ আসামির মধ্যে আদালতে ৫জন স্বশরীরে উপস্থিত ছিলো, বাকি ৬ জন এখনও পলাতক।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জয়পুরহাট শহরের দেওয়ানপাড়া এলাকার মৃত ইউনুস আলী দেওয়ানের ছেলে বেদারুল ইসলাম বেদিন, শান্তিনগর এলাকার শাহজাহান মৃধার ছেলে সরোয়ার রওশন সুমন, আরাফাত নগরের মোসলেম উদ্দিনের ছেলে মশিউর রহমান এরশাদ বাবু, দক্ষিণ দেওয়ানপাড়ার মোহাম্মদ আলী মোখলেসারের ছেলে মনোয়ার হোসেন মনছুর, একই এলাকার ওয়ারেছ আলীর ছেলে টুটুল, দেওয়ান পাড়ার আজিজ মাস্টারের ছেলে রানা, তেঘর বিশার কাবেজ উদ্দীন মন্ডলের ছেলে নজরুল ইসলাম, দেবীপুর কাজীপাড়ার মৃত মগবুল হোসেনের ছেলে শাহী, দেবীপুর মন্ডল পাড়ার রফিকের ছেলে সুজন, কাজীপাড়ার নুর হোসেন নুমুর ছেলের রহিম, পার্শ্ববর্তী নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ধুরইল আবুল কাশেমের ছেলে ডাবলু।
মামলার বিবরণে জানা যায়, জয়পুরহাটের পাঁচুরচক এলাকার ফজলুর রহমানের ছেলে পাঁচুরচক মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মোয়াজ্জেম হোসেন ২০০২ সালের ২৮ জুন বিকেলে বাড়ি থেকে বেড়ানোর কথা বলে রাতে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজা-খুঁজির পর ২৯ জুন সকালে জয়পুরহাট-জামালগঞ্জ সড়কের পাশে আহত অবস্থায় মোয়াজ্জেমকে পাওয়া যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। ওইদিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরে ওই আসামিদের নামে তার বাবা বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ ওই রায় দেন। রায়ে, মৃত্যু না হওয়া পর্যন্ত আসামিদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।









