চীনের সঙ্গে যৌথ মালিকানায় জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনে একটি সোলার পাওয়ার কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠা করা হবে। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ১১ ডিসেম্বর সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, জামালপুর জেলার মাদারগঞ্জে সোলার পাওয়ার কোম্পানি লিমিটেড নামের একটি জয়েন্ট ভেনচার কোম্পানি প্রতিষ্ঠা করা হবে। প্রায় সাড়ে ৩০০ একর জমির ওপর চীনা একটি কোম্পানি সিআরইসি ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি কোম্পানি ও বাংলাদেশের বি.আর পাওয়ারজেন লিমিটেডের (বিআরপিএল) যৌথ উদ্যোগে এই কোম্পানি প্রতিষ্ঠা করা হবে।
মো. মাহবুব হোসেন বলেন, এই কোম্পানি গঠনের জন্য মন্ত্রিসভা থেকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এটির ৩০ শতাংশ মালিকানা থাকবে বিআরপিএলের আর ৭০ শতাংশ চীনা কোম্পানির। সেখানে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করা হবে। এ জন্য ২০ বছর মেয়াদি চুক্তি সই হয়েছে।

এই কোম্পানি গঠনের ক্ষেত্রে চীন কী ভূমিকা রাখবে, তারা কী শ্রমিক দেবে, না কি কারিগরি সহায়তা দেবে? জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে বিস্তারিত তথ্য নেই। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে তথ্য পাওয়া যাবে। তবে চীনা কোম্পানির ৭০ শতাংশ মালিকানা থাকলেও পুরো ঋণের দায়িত্ব তাদের। তারা দেশি ও বিদেশি ঋণের দায়িত্ব নেবে। অর্থাৎ এই কোম্পানি গঠনে বাংলাদেশকে কোনো সভরেন গ্যারান্টার দিতে হবে না। পাশাপাশি তাদের আনুপাতিক বিনিয়োগও থাকবে।
এছাড়া বৈঠকে সমুদ্রপথে হজে যাওয়াসহ পর্যটন শিল্পের উন্নয়নে বাংলাদেশের বিভিন্ন সমুদ্রবন্দরে জেটি নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে কক্সবাজারে জেটি নির্মাণের জন্য স্থান খোঁজার নির্দেশ দিয়েছেন তিনি।
বৈঠকে ‘সামুদ্রিক পর্যটন নীতিমালা-২০২৩’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের কাজে উৎসাহ দিতে জাতীয় স্বেচ্ছাসেবা নীতিমালা করা হচ্ছে। তাদের প্রশিক্ষণ, আইডিকার্ড প্রদান, সুরক্ষা, আইনগত সহযোগী ও তাদের সহযোগীর বিষয়টি দেখভালের জন্য একটি কাউন্সিল গঠন করা হবে। সরা বিশ্বে ভলান্টিয়ারের ব্যাপক চাহিদা আছে। সেই লক্ষে এই নীতিমালার আলোকে ব্যবস্থা নেয়া হবে।









