রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় দেশের বিভিন্ন জেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে। সহসাই এ সেবা স্বাভাবিক হবে না বলে জানিয়েছেন ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবির সভাপতি এমদাদুল হক।

এমদাদুল হক বলেন, ‘বিল্ডিংয়ে ঢোকার আগে আমরা বলতে পারছি না, কবে নাগাদ সেবা স্বাভাবিক হবে। তবে যদি ইকুইপমেন্ট (যন্ত্রপাতি) পুড়ে গিয়ে থাকে তাহলে সেবা স্বাভাবিক হতে দু-এক সপ্তাহ সময় লাগবে। আর যদি ইকুইপমেন্ট ঠিক থাকে তাহলে সবকিছু ঠিক হতে এক-দুই দিন সময় লেগে যাবে।’
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) কোম্পানিগুলো জানিয়েছে, দেশের শীর্ষস্থানীয় কয়েকটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের ব্যান্ডউইডথ আসে খাজা টাওয়ারের দুটি ডাটা সেন্টার থেকে। এই ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ৭০ শতাংশ দিয়ে থাকে। তাদের ডাটা সেন্টারগুলো বন্ধ হয়ে যাওয়ায় ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে।

একই কারণে মুঠোফোন সেবাও বিঘ্নিত হচ্ছে। মোবাইল অপারেটর রবি এবং গ্রামীণফোন পৃথক বিবৃতিতে জানিয়েছে, খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় কারিগরি কারণে তাদের কিছু গ্রাহক কল করার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। দ্রুততম সময়ে এ সমস্যার সমাধানে তারা চেষ্টা করছে।
জানা গেছে, সারাদেশে ৫০০ ইন্টারনেট সার্ভিস প্রভাইডার (আইএসপি) পাচ্ছে না ইন্টারনেট সুবিধা। এই ক্ষতির কারণে ৪০ শতাংশ মানুষ কোনোভাবে ফেসবুক ও ইন্টারনেট ব্যবহার করতে পারছে না। ইন্টারনেট সার্ভিস প্রভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া বলেন, যে পরিমাণ ব্যাকআপ সিস্টেম আছে সেটা অপ্রতুল। ফেসবুক ও গুগলের সার্ভার রয়েছে। রবি ডিভাইস আছে। এ ছাড়াও বিভিন্ন ব্যাংকের ব্যাকআপ সার্ভিস রয়েছে। আগামীকাল সমস্যা হতে পারে।
যদি ফায়ার সার্ভিস অনুমতি দেয়, তাহলে গুগল সার্ভার আপ করতে সময় লাগবে ঘণ্টাখানেক। আর ফেসবুকেরটা চালু করতে সময় লাগবে ২৪ ঘণ্টা।









