ময়মনসিংহ নগরীর মাসকান্দায় বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান চালিয়ে স্বনামখ্যাত মিষ্টি ও বেকারির কারখানায় অভিযান চালিয়ে ৯ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অস্বাস্থ্যকর নোংরা স্যাঁতস্যাঁতে পরিবেশ মিষ্টি ও বেকারি পণ্য তৈরির অভিযোগসহ কারখানার কর্মচারিদের কোনো স্বাস্থ্য সনদ না থাকায়, হাতে পর্যাপ্ত ব্যাক্টেরিয়া থাকায় এই জরিমানা করা হয়। তাদের সময় বেধে দেয়া হয়। এর মধ্যে পরিবেশের উন্নতি না করলে এবং নির্দেশনা না মানলে প্রতিষ্ঠানকে সিলগালা করে দেওয়া হবে বলে সতর্ক করে দেন ভ্রাম্যমান আদালত।

২৪ আগস্ট বৃহস্পতিবার ও ২৩ আগস্ট বুধবার গত দুইদিন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আক্তারুজ্জামান বিসিক শিল্প এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে ২৪ আগস্ট দুপুরে ময়মনসিংহের স্বনামখ্যাত মিষ্টিকানকে ৩ লাখ ও ঢাকা মিষ্টিমুখকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ২৩ আগস্ট অভিযান চালিয়ে রয়েল বেকারিকে ৩লাখ ও রুমা বেকারিকে ২লাখ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ওইসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মির্জা শাহরান হোসাইন, মনিটর কর্মকর্তা ইমরান হোসেন মোল্লা, নগরীর স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারাসহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।




