বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের ভিত্তি স্থাপন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এক সময় সিনেমা শিল্প মুখ থুবড়ে পড়েছিল। আমি উদ্যোগ নিয়েছিলাম এই শিল্পকে বাঁচানোর।সিনেমাগুলোকে ডিজিটাল সিস্টেমে নিয়ে আসা হয়েছে। তথ্য আর্কাইভ করা হয়েছে। অনেকগুলো ভালো সিনেমাহল চালু হয়েছে। ভালো ভালো সিনেমা তৈরি হয়েছে যেগুলো আন্তর্জাতিক মহলে প্রশংসা পেয়েছে।’

চলচ্চিত্র শিল্পের উন্নয়নের লক্ষ্যে ২০ আগস্ট রবিবার সকালে বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে ওইসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন। একই অনুষ্ঠানে তিনি নবনির্মিত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবন ও তথ্য কমিশন ভবনেরও উদ্বোধন করেন।
এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সিনেমা শিল্প খারাপ অবস্থায় চলে গিয়েছিল। নকল, মারপিট, দাঙ্গা-হাঙ্গামায় ভরা থাকতো সিনেমা। ১৯৭৫-এর পরে জীবনমুখী সিনেমা, পরিবার নিয়ে দেখার মতো সিনেমা বিলুপ্ত হয়ে গিয়েছিল।’

বেশি বেশি শিশুতোষ সিনেমা নির্মাণের কথা জানিয়ে সরকার প্রধান বলেন, শিশুদের জন্য আরও সিনেমা নির্মাণ করা দরকার। সিনেমা থেকে যেন শিশুরা অনেক কিছু শিখতে পারে সেই ব্যবস্থা নেয়া প্রয়োজন।
এছাড়াও তিনি বলেন, ‘সিনেমায় জনসাধারণের জন্য বার্তা থাকতে হবে। কোনটা ভালো, কোনটা মন্দ সেগুলো মানুষকে শেখাবে সিনেমা। দৃষ্টি প্রসারিত হবে মানুষের।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই বাংলাদেশে চলচ্চিত্রের প্রসার ঘটেছে। এর পেছনে মায়ের অবদান আছে। সিনেমা দেখে একদিন মা ও আব্বা ফিরছিলেন। মা বলছিলেন, আমরা বাঙালিরা বাংলাদেশে সিনেমা তৈরি করতে পারি না? এরপরেই মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পরে এফডিসি গড়ে তোলার উদ্যোগ নেন বঙ্গবন্ধু। এরপর বাংলাদেশে অনেকগুলো সিনেমা হয়। আসিয়া, মুখ ও মুখোশ-এর মতো সিনেমা বাঙালিরাই তৈরি করেছিলেন।’
বিএফডিসি কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ সম্পর্কে খোঁজ নিতে গিয়ে দেখা যায়, ভূমি থেকে ১২তলা ভবনের কিছুটা মাথা তুলে দাঁড়িয়েছে। ১৮৪ শ্রমিক দিনরাত কাজ করছেন বলে জানান ভবন নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস বিল্ডার্সের প্রজেক্ট ইঞ্জিনিয়ার সাঈদ হোসেন। তিনি বলেন, ‘এফডিসির কমপ্লেক্স ভবন নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে। এমন গতিতে কাজ চলতে থাকলে ২০২৬ সালের মাঝামাঝি এর নির্মাণ শেষ হবে বলে আশা করছি।’
প্রসঙ্গত, ২০১৮ সালে এফডিসিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয় সরকার। এ কারণে দুটি শুটিং ফ্লোর ভেঙে উঁচু ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। ১২তলাবিশিষ্ট ওই ভবনে থাকবে শুটিং ফ্লোর, স্টুডিও, সিনেমা হল, আবাসিক হোটেল, বাণিজ্যিক পার্কিং, সুইমিংপুলসহ আধুনিক সব সুযোগ-সুবিধা। এ প্রকল্পের জন্য একনেক অনুমোদন দেয় ৩২২ কোটি ৭৭ লাখ টাকা।









