বাংলাদেশে চলমান বিক্ষোভে ক্রমবর্ধমান সহিংসতা ও গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের স্বাধীনতাবিষয়ক (এফওএএ) বিশেষ দূত ক্লেমেন্ট ভউল। সোমবার এক টুইট বার্তায় ক্লেমেন্ট ভউল এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমি কর্তৃপক্ষকে তাদের দায়িত্বের কথা মনে করিয়ে দিচ্ছি যে, তারা শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার নিশ্চিত করবে এবং অতিরিক্ত শক্তি প্রয়োগ করা থেকে বিরত থাকবে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য বিরোধী মতকে সম্মান করা গুরুত্বপূর্ণ।’
টুইটটিতে বাংলাদেশের পতাকার একটি ছবি যুক্ত করে এসব কথা বলেন জাতিসংঘের বিশেষ এই র্যাপোর্টিয়ার। টুইটের হ্যাশট্যাগে এসময় তিনি ‘বাংলাদেশ’ শব্দটিও ব্যবহার করেন।

এর আগে গত বছর বাংলাদেশ নিয়ে বিবৃতি দিয়েছিলেন ক্লেমেন্ট ভউল। ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহে টুইটারে দেওয়া এক বার্তায় ক্লেমেন্ট বলেন, বাংলাদেশকে অবশ্যই শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করতে হবে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে।









