রাজধানী ঢাকায় গতকাল শনিবার পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের মধ্যে সাতটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে ২৪টি গাড়ি। রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনের সভাপতি মসিউর রহমান ও মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান যৌথভাবে বিবৃতিতে সই করেন।

ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণ আন্দোলনকারীদের কাছ থেকে আদায়ের দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা। পাশাপাশি পরিবহন নেতারা এ ধরনের ধ্বংসাত্মক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, ‘২০১৪-১৫ সালে বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সারা দেশে অসংখ্য গাড়ি ভাঙচুর করেছে। এ সময় হত্যা করা হয়েছে অনেক শ্রমিককে। অতীতের মতো অবারও আন্দোলন কর্মসূচির নামে সহিংসতা শুরু করেছে তারা।’

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে শনিবার ঢাকর প্রবেশপথগুলোতে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। এ সময় কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে মাতুয়াইল ও শ্যামলীসহ ঢাকার কয়েকটি জায়গায় গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরও করা হয়।









