দেশের ২ হাজার ৬০০ ইউনিয়নে দ্রুতগতির ইন্টারনেট সেবা পরিচালনার দায়িত্ব পেল দুই বেসরকারি প্রতিষ্ঠান ফাইবার এট হোম আর সামিট কমিউনিকেশনস। প্রতিষ্ঠান দুটি ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট অবকাঠামো রক্ষণাবেক্ষণ, মেরামত, মান উন্নয়ন, প্রতিস্থাপন, পরিচালনা, রাজস্ব আদায় ও শেয়ার করবে। এজন্য ফাইবার এট হোম আর সামিটেরসঙ্গে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি)।

ফাইবার এট হোম এক হাজার ৩০৭টি ইউনিয়নে এবং সামিট এক হাজার ২৯৩ ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করবে। চুক্তি অনুসারে প্রতিষ্ঠান দু’টি আগামী ২০ বছর ইউনিয়নগুলোতে সার্বক্ষণিক ইন্টারনেট সেবা সচল রাখবে। ইনফো সরকার-৩ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় এই ২ হাজার ৬০০ ইউনিয়েনে ইন্টারনেট অবকাঠামো গড়ে তোলা হয়েছে। ২০ হাজার কিলোমিটার অপটিক্যাল ফাইবার টানা হয়েছে। এতে সরকারের খরচ হয়েছে ১ হাজার ২০০ কোটি টাকা।
বিসিসির নির্বাহী পরিচালক রণজিৎ কুমার এবং সামিট কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আরিফ আল ইসলাম ও ফাইবার এট হোমের ব্যবস্থাপনা পরিচালাক রফিকুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। সোমবার আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বিসিসি অডিটরিয়ামে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সাড়ে চার হাজার ইউনিয়নে নেটওয়ার্ক স্থাপনে বিটিসিএল সফল না হওয়ায় ইনফো সরকার প্রকল্প হাতে নেওয়া হয়। ইনফো সরকার প্রকল্পের (তৃতীয় পর্যায়) আওতায় ২ হাজার ৬০০ ইউনিয়নে ইন্টারনেট নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। এটাকে টেকসই করতে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে সেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিসি জানিয়েছে, চুক্তির শর্ত মোতাবেক আগামী ২০ বছরের জন্য তাদের কোনো অর্থ ব্যয় হবে না। তারা চুক্তির সার্বিক বিষয় তদারকি করবে আর নির্দিষ্ট হারে রেভিনিউ গ্রহণ করা হবে। ফলে সরকার আর্থিকভাবে লাভবান হবে। চুক্তি শেষ হলে বিদ্যমান নেটওয়ার্কের সব যন্ত্রপাতি ও অপটিক্যাল ফাইবার ক্যাবল সম্পূর্ণ সচল অবস্থায় বিসিসিকে ফেরত দিতে হবে। নিরবচ্ছিন্ন ডাটা ও ইন্টারনেট সেবা নিশ্চিত করতে পিপিপি চুক্তিতে বাধ্যতামূলকভাবে ৯৯.৯ শতাংশ নেটওয়ার্ক আপটাইমের বিষয়ে উল্লেখ করা হয়েছে।
রণজিৎ কুমারের সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব নাবিদ শফিউল্লাহ, ফাইবার এট হোমের চেয়ারম্যান মঈনুল হক সিদ্দিকী, পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. মুশফিকুর রহমান, ইনফো-সরকার (তৃতীয় পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালক প্রনব কুমার সাহা প্রমুখ।









