আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধনের জন্য আবেদন করা নতুন ১২টি রাজনৈতিক দলকে নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ১১এপ্রিল মঙ্গলবার এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

সংসদ নির্বাচনে অংশ নিতে রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধন চালুর পর বর্তমানে ৩৯টি দল নিবন্ধিত রয়েছে। দলীয় প্রার্থীর বাইরে অন্যদের স্বতন্ত্র প্রার্থী হতে হয়।
ইসির সংক্ষিপ্ত তালিকায় আসা দলগুলো হলো- এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি), লেবার পার্টি, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ সনাতন পার্টি, ডেমক্রেটিক পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি) ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি)।

উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইসিতে ৮০টি দল আবেদন জমা দিয়েছে। এর মধ্যে ১২টি দলকে নিবন্ধনের জন্য সংক্ষিপ্ত তালিকায় রেখেছে নির্বাচন কমিশন। পরবর্তীতে তদন্ত শেষে অনুমোদন দেয়া হবে বলে ইসির পক্ষ থেকে বলা হয়েছে।




