শেরপুরে মশলা ভাঙ্গানো মেশিনের চাকার রোলে শাড়ি কাপড় পেঁচিয়ে মাকসুদা বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে। ১ এপ্রিল শনিবার সন্ধ্যায় সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চৈতনখিলা বটতলা বাজারের আব্দুল মান্নান ওরফে হাশেমের মশলা ভাঙ্গানোর দোকানে ওই ঘটনা ঘটে। মাকসুদা বেওয়া ওই এলাকার মৃত রইছ উদ্দিন ওরফে ঘাটুর স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার চৈতনখিলা গ্রামের বাসিন্দা বৃদ্ধা মাকসুদা বেওয়া চৈতনখিলা বটতলা বাজারের আব্দুল মান্নান ওরফে হাশেমের মশলা ভাঙ্গানো মেশিনে ঘরে কাজ করতেন। শনিবারও প্রতিদিনের মত কাজ করতে যান মাকসুদা। এদিকে মশলা ভাঙ্গানোর সময় মেশিন চালু অবস্থায় কাজ করতে গেলে চালু মেশিনের চাকার রোলে মাকসুদা বেওয়ার পরিহিত শাড়ি পেঁচিয়ে তার দেহ ছিন্নভিন্ন হয়ে তাৎক্ষণিক তার মৃত্যু হয়।
খবর পেয়ে পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. হায়দার আলী ও সদর থানার এএসআই ফারুক আহমেদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে মেশিনের রোলে পেচানো মাকসুদা বেওয়ার লাশ উদ্ধার করেন।

ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।




