রাজধানীর তুরাগে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের টাকাসহ গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওই গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিল বলে দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার তুরাগের ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় সকাল ৭টা ২০ মিনিটে ওই ঘটনা ঘটে।

এ বিষয়ে তুরাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জাহিদ বলেন, ‘তুরাগ থানার ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজের পাশে এটিএম বুথের টাকা ভর্তি গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তুরাগ থানায় একটি অভিযোগ হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
অপর দিকে উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) রাইসুল ইসলাম বলেন, ‘সকাল ৭টা ১০ থেকে ২০ এর মধ্যে এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওই গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিল বলে জানিয়েছে ব্যাংক।’

এক প্রশ্নের জবাবে এসি রাইসুল ইসলাম বলেন, ‘ওই গাড়িতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। শনাক্ত করতে কিছুটা সময় লাগছে।’









