দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, ‘সংবাদ প্রকাশের ক্ষেত্রে খণ্ডিত তথ্য না দিয়ে পূর্ণাঙ্গ তথ্য দিলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সহজতর হয়।’ ৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে সেগুন বাগিচার দুদকের প্রধান কার্যালয়ে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র্যাক) এর ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘সুনীতি’ নামে স্মরণিকার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘ভালো কাজ সবাই ভালোভাবে দেখে না, অনেকে ত্রুটি দেখে, স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে সমালোচনা করলে কোনো কিছু যায় আসে না, আমি আপনাদেরকে সব সময় সহকর্মী মনে করি, আমাদের এবং আপনাদের উদ্দেশ অভিন্ন।’
তিনি আরও বলেন, ‘সত্যের পরও সত্য থাকে, তথ্যের পরেও তথ্য থাকে, তাই সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও একটু দেখে নেবেন, কেউ যেন হয়রানি না হয়, সত্যকে সত্য এবং সাদাকে সাদা বলতে হবে। অনেক সময় অনেক তথ্য থেকে যায়, কাউকে হেয় প্রতিপন্ন করা আমাদের কাজ না, খণ্ডিত তথ্য না দিয়ে পূর্ণাঙ্গ তথ্য দিয়ে ন্যায় বিচারটা আমরা প্রতিষ্ঠিত করতে পারব।’

দুদকের কমিশনার মোজাম্মেল হক খান বলেন, ‘সুনীতি একটি মূল্যবান দলিল, এখানে অনেকের ছোট ছোট কথা, সুনীতির পক্ষে আমরা আছি, এটাকে ইতিবাচক হিসেবে নিব। এর কথাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। আপনারা এই নীতিকে ধারণ করতে পারব ভালো হবে। এখানে ভাবনার খোরাক আছে কাউকে হয়রানি নয় দেশের স্বার্থে লিখবেন তাহলেই দেশ উপকৃত হবে।’
দুদক কমিশনার জহুরুল হক বলেন, ‘আপনারা ভালো সংবাদ করবেন এটাই স্বাভাবিক, নেগেটিভ বলবেন, তবে নেগেটিভ দিয়ে সমাজ প্রতিষ্ঠা হয় না। এ জন্য পজিটিভ নিউজ করেন সমাজকে প্রতিষ্ঠিত করতে হবে।’
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান ও মো. জহুরুল হক এবং দুদক সচিব মো. মাহবুব হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র্যাকের সভাপতি আহম্মদ ফয়েজ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জেমসন মাহবুব।









