মেট্রোরেলে নারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য প্রতিটি ট্রেনে থাকছে আলাদা কোচ। একইসঙ্গে অন্য কোচেও যাতায়াত করতে পারবেন নারীরা। ২৮ ডিসেম্বর বুধবার সকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এন ছিদ্দিক জানান, শুরুতে ৬ বগির ১০টি ট্রেন প্রস্তুত রাখা হচ্ছে। ব্যাকআপ হিসাবে থাকছে আরও ২টি ট্রেন। ওইসব ট্রেনের একটি কোচ কেবল নারীদের জন্য সংরক্ষিত থাকবে। ওই কোচের সর্বোচ্চ ধারণক্ষমতা ৩৯০ জন। চাইলে বাকি ৫ বগিতেও নারীরা উঠতে পারবেন।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, স্টেশনগুলোতে নারীদের জন্য থাকছে পৃথক টয়লেটের ব্যবস্থা। সেখানে শিশুদের ডায়াপার পরিবর্তনের বিশেষ ব্যবস্থাও থাকছে। আর সন্তানসম্ভবা নারী ও বয়স্ক যাত্রীদের জন্য বগিতে আসন সংরক্ষিত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় দেশের প্রথম মেট্রোরেল পরিষেবার প্রথম ধাপের উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশ একটি আধুনিক মেট্রোরেল ব্যবস্থায় প্রবেশ করেছে।









