১০ ডিসেম্বর সম্পর্কে বিএনপি যা বলছে, সেটা মুখের কথার ফুলঝুরিতে পর্যুবসিত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী। তিনি ১৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ওই কথা বলেন। তিনি বলেন, আমি কোন কটু কথা বলতে চাই না, কিন্তু তাদের অন্যান্য কথার মতোই এটাও কথার ফুলঝুরিতেই পর্যুবসিত হবে।

মতিয়া চৌধুরী বলেন, কিছুদিন পরে দেশে ঘর দেয়ার মতো গরীব-দুঃখী মানুষ পাওয়া যাবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে পর্যায়ক্রমে ঘর দিতে দিতে এমন অবস্থা হবে। তিনি বলেন, শিক্ষাবর্ষের প্রথমদিন পহেলা জানুয়ারী সকল সোনামণিদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়ার রেকর্ড আওয়ামী লীগ সরকারেরই রয়েছে। বিশ্বের অন্য কোন দেশে এই রেকর্ড নেই। এক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে রোল মডেল।
এর আগে, সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। নকলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুনের সভাপতিত্বে সম্মেলনে অতিথি ছিলেন আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল প্রমুখ। সম্মেলন সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

এর আগে ২০১৫ সালে সম্মেলনের মাধ্যমে এ উপজেলার সর্বশেষ কমিটি গঠন করা হয়।




