রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা তুরাগ কমিউনিটি ট্রেনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী (১৭)। ৭ অক্টোবর শুক্রবার দিবাগত রাতে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। তারা হলেন সুমন (২১), নাইম (২৫), নাজমুল (২৫), আনোয়ার (২০) ও রোমান প্রকাশ কালু (২২)।

এছাড়া এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে- এমন একজন পলাতক। তাকেও গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদাউস আহম্মেদ বিশ্বাস ওই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই কিশোরীর বাড়ি নেত্রকোনা। শুক্রবার রাতে সে নেত্রকোনা থেকে হাওর এক্সপ্রেসে ঢাকার কমলাপুর রেলস্টেশনে আসেন। পরে কৌশলে কয়েকজন তরুণ-যুবক কিশোরীকে স্টেশনের ১নং প্ল্যাটফর্মের তুরাগ কমিউনিটি ট্রেনের একটি বগিতে নিয়ে যান। সেখানে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে ফেলে রেখে যান। ওই ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ইমরান নামে একজন পলাতক। তাকেও গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

এদিকে ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে নেওয়া হয়েছে জানিয়েছে রেলওয়ে পুলিশ।









