প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার বিকেলে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে তার সদ্য সমাপ্ত রাষ্ট্রীয় সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন। এর আগে বুধবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ৬ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হবে।

জানা যায়, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে টানা ১৮ দিনের রাষ্ট্রীয় সফর শেষে গত সোমবার রাতে দেশে ফেরেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রীয় সফরে লন্ডন যান শেখ হাসিনা। সেখানে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া ও রাজা চার্লস তৃতীয় আয়োজিত অভ্যর্থনায় যোগ দেন। পরে ১৯ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন।
যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী। ওইসময় বেশ কয়েকটি অনুষ্ঠানেও অংশ নেন শেখ হাসিনা।









