পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরও ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর সোমবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত দিকে বোদা উপজেলার আওলিয়া ঘাট ঘটনাস্থল থেকে ১৬ কি.মি. দূরে দেবীগঞ্জ ব্রিজ ও শালডাঙ্গা ইউনিয়নের ধুলাঝারি এলাকার মধ্যে করতোয়া নদী থেকে দশ জনের ভেসে থাকা মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫ জনে। নৌকাডুবির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান পঞ্চগড় জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায় ওই তথ্য নিশ্চিত করেছেন।

পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ পরিচালক শেখ মো. মাহাবুবুল আলম বলেন, ‘সকাল থেকে পঞ্চগড় এবং আশপাশের জেলার আটটি ফায়ার সার্ভিস ইউনিট উদ্ধার কাজ করছে। এর বাইরে রংপুর, কুড়িগ্রাম এবং রাজশাহী থেকে তিনটি ডুবুড়ি দলে মোট ৯ জন ডুবুরি উদ্ধার কাজে অংশ নিয়েছেন।’ তিনি আরও জানান, এখন পর্যন্ত ৩৫ জনের মরদেহ উদ্ধার হয়েছে। আর তালিকাভুক্ত নিখোঁজের সংখ্যা ৫৫ জন।









