প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে চা বাগানের মালিকদের সাথে বৈঠক করবেন। ২৭ আগস্ট শনিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস ওই তথ্য নিশ্চিত করেন ।

উল্লেখ্য, দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে গত ৯ আগস্ট থেকে কর্মবিরতি শুরু করেন চা শ্রমিকরা। পরে ১৩ আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেন তারা। পরে প্রশাসনের সাথে আলোচনা করে ২৩ আগস্ট চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি ধর্মঘট প্রত্যাহার করলেও তা মানছেন না সাধারণ শ্রমিকেরা।
এদিকে চা-শ্রমিকদের টানা ধর্মঘটে সারা দেশের বাগান থেকে চা-পাতা উত্তোলন, কারখানায় প্রক্রিয়াজাত ও উৎপাদন বন্ধ রয়েছে। এতে স্থবির হয়ে পড়েছে দেশের চা-শিল্প।









