আজ ভয়াল একুশে আগস্ট। ১৮ বছর আগে ২০০৪ সালের এই দিনে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে গ্রেনেড হামলা ও গুলি চালিয়ে হত্যাচেষ্টা করা হয়। ওই ঘটনায় নিহত হন আওয়ামী লীগ নেত্রী সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ দলটির ২৪ নেতাকর্মী। যার মধ্যে ঘটনাস্থলেই ১৬ জন নিহত হন। সেই গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ২১ আগস্ট রবিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২১ আগস্টের নিহতদের স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী।

১০টা ২৯ মিনিটে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এরপর ১০টা ৩০ মিনিটে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলা স্মরণে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আলোচনা সভা চলছে।









