আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘জ্বালানি তেলে মূল্য নিয়ে নানা কথা বলা হচ্ছে। ৮ হাজার কোটিরও বেশি টাকা বাংলাদেশ ভর্তুকি দিয়েছে। আর কতো ভর্তুকি?’ তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি মূল্য কমলে আমরাও এখানে সমন্বয় করব। এটা বলার পরও আজকে বিএনপিসহ তাদের দোসররা মাঠে নেমেছে এবং সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যাচার করছে, বিষোদগার করছে। তারপরও আমাদের নেত্রী বলেছে, আপনারা একটু ধৈর্য ধরুন। আমার তো মনে হয় এই সংকট থেকে তিনি মুক্তি দিতে পারবেন। সেই আত্মবিশ্বাস আমাদের নেত্রীর রয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক জরুরি সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

জ্বালানি তেলের দাম বাড়ায় জোটের শরিকদের আন্দোলনকে কীভাবে দেখছে আওয়ামী লীগ এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘জোটের শরিকদের দলগতভাবে কর্মসূচি দেওয়ার অধিকার আছে। তারা করতে চাইলে করবে। এটা তো কোনো কথা না।’
ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটকে নির্বাচনী জোট। এই জোট তাদের নির্বাচনী অ্যালায়েন্স, কৌশলগত জোট। এখানে আদর্শের কোনো বিষয় নেই। তাহলে জাতীয় পার্টির সঙ্গে আমরা কেন জোট করেছি? এসব ব্যাপারতো ভাবতে হবে।’
জ্বালানি তেলের দাম বাড়ার বিষয়ে দলীয় ফোরামে আলোচনা হয়েছে কীনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এটা সরকারের ব্যাপার। এটা দলীয় মিটিংয়ে আলোচনা হয়ে করে না। সরকারিভাবে এটা সিদ্ধান্ত হয় এবং এখানে বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রধান কিন্তু প্রধানমন্ত্রী।’

ওবায়দুল কাদের বলেন, ‘সারা দুনিয়ার পরিস্থিতি বাংলাদেশের সম্ভাব্য প্রতিক্রিয়া সবকিছু জেনেশুনে এটা করা হয়েছে…আমরা আগে বলেছি এটা আমরা বাধ্য হয়ে নিরুপায় হয়ে করেছি। মানুষকে আমরা কষ্ট দিতে চায়নি। কিন্তু আমাদের সামনে অন্য কোনো বা বিকল্প কোনো পথ ছিল না। এটা প্রধানমন্ত্রী বলেছে বিশ্ববাজারে তেলের দাম কমলে ঠিক তখনেই আমরা তেলের দাম কমাবো। দেশে চারবার আমরা দাম কমিয়েছি। এই উদাহরণ নেই।
কাদের বলেন, ‘আজকে বিশ্ব পরিস্থিতির কারণে এই পরিস্থিতি হয়েছে। যখন স্বাভাবিক সময় আসবে তখন আমাদের প্রমিজ থেকে পিছিয়ে যাব না।’ তিনি বলেন, আজকের সংকট সাময়িক। এই সংকট কেটে যাবে। এবং এই সংকট উত্তরণের জন্য সবকিছুই প্রধানমন্ত্রী করে যাচ্ছেন।









