ময়মনসিংহের ফুলপুর থেকে প্রশাসনের অনুমতি নিয়ে ৩১৩ কিলোমিটার পায়ে হেঁটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে রওনা হয়েছেন মোস্তফা মিয়া (৭১)। মোস্তফা মিয়া ফুলপুর উপজেলার সাহাপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। এলাকার সবাই তাকে ‘মোস্ত পাগল’ বা ‘বঙ্গবন্ধু পাগল’ নামেই চেনে। ৮ আগস্ট সোমবার সকাল বাড়ি থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা শুরু করেন মোস্তফা মিয়া। দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এরপর তিনি খালি পায়ে হাটতে শুরু করেন। তার সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও ও পৌর মেয়রের প্রত্যয়নপত্র রয়েছে বলে জানান তিনি।

ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, পৌর মেয়র শশধর সেন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাবিবুর রহমান প্রমুখ ।
ফুলপুর উপজেলা পরিষদ চত্বর থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর সময় অশ্রুভেজা চোখে মোস্তফা মিয়া বলেন, ‘অনেক দিন যাবৎ এটি স্বপ্ন ছিল। গরিব মানুষ আমি। আমার তিন ছেলে। বড় দুই ছেলে মাস্টার্স ও ছোট ছেলে কলেজে পড়ছে। ছেলেরা বড় হয়েছে, আমি মরে গেলেও কোনো আপত্তি নেই। আমার ইচ্ছা, জীবনের শেষ বয়সে বঙ্গবন্ধুর কবরটা জিয়ারত করে দুই ফোঁটা চোখের পানি ফেলে তার জন্য দোয়া করব।’

জানা যায়, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট স্বপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তার প্রতি প্রবল শ্রদ্ধা ও ভালোবাসার কারণে প্রতিবাদ স্বরূপ জুতা খুলে খালি পায়ে চলাচল করতে থাকেন মোস্তফা। বঙ্গবন্ধু হত্যার খবর শোনার পর থেকে কখনো জুতা পরেননি মোস্তফা মিয়া। ৭১ বছর বয়সী মোস্তফা মিয়া বিয়ের দিনেও খালি পায়ে বর সেজে গিয়েছিলেন। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে জুতা পরেন না তিনি। পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় হলে ময়মনসিংহ-২ আসনের ৫ বার নির্বাচিত সংসদ সদস্য ভাষাসৈনিক মরহুম শামছুল হক ও আওয়ামী লীগ নেতাদের অনুরোধে পুনরায় পায়ে জুতা পরেন। এখন আবার শোকের মাস আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে ফুলপুর থেকে ৩১৩ কিমি দুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে খালি পায়ে হেটে রওনা হয়েছেন।









