বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, বিদ্যুৎ সংকট সমাধানে মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক ২ ঘণ্টা করে লোডশেডিং হবে। ১৮ জুলাই সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, পরীক্ষামূলকভাবে সাময়িক সময়ের জন্য এই লোডশেডিং হবে। আগেই সবাইকে জানিয়ে দেয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, সাময়িক লোডশেডিংয়ের সময় সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ থাকবে।
এ ছাড়া অফিসের সময় কমানো যায় কি না, সে বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে। বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য প্রতিটি মসজিদের এসি বন্ধ এবং দোকানপাট ও মার্কেট রাত ৮টার পর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি-বেসরকারি অফিসের সভাগুলো অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে প্রধানমন্ত্রীর জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী জানিয়েছেন, দেশে ডিজেলে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করা হয়েছে।
সঙ্কট সমাধানে আপাতত মহামারীকালের মতো হোম অফিস চালু করা, অফিসের কর্মঘণ্টা কমিয়ে আনাসহ বেশ কিছু পদক্ষেপ নিতে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে সুপারিশ পাঠানো হবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।









