পবিত্র রমজান মাস শুরু হয়েছে গরমে। সাধারণত গরমের মৌসুমে আমাদের খাবারজনিত বিভিন্ন সমস্যা হয়ে থাকে। তাই খাদ্য গ্রহণের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। এদিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ডায়রিয়ার প্রকোপ। এই সময় এমন খাবার খাওয়া যাবে না যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই এই রমজানে সাহরিতে কিছু খাবার এড়িয়ে চলা উচিত।

সাহরিতে খাওয়ার পর ধর্মপ্রাণ মুসলমানরা সারাদিন না খেয়ে সংযমের সঙ্গে ইবাদত করে থাকেন। এ জন্য সাহরিতে এমন খাবার খাওয়া উচিত যা সারাদিন শরীরকে সতেজ ও সুস্থ রাখবে। এবার জেনে নেয়া যাক, সাহরিতে কোন খাবারগুলো কখনোই খাওয়া উচিত নয়-
ক্যাফেইন ড্রিংকস : চা, কফি ইত্যাদি পানীয় থেকে বিরত থাকুন। ক্যাফেইন সমৃদ্ধ পানীয় সাময়িক সময়ের জন্য তৃষ্ণা মেটালেও এটি গরমের এই সময়ে তৃষ্ণা ও শরীরের তাপমাত্রা আরো বাড়িয়ে দেবে। এতে দিনের বেলায় বারবার গলা শুকিয়ে আসবে।

ভারী ও অধিক খাবার : সারাদিন না খেয়ে থাকতে হবে এই ভেবে অনেকে সাহরিতে অনেক বেশি খাবার খেয়ে থাকেন। এটি কখনোই উচিত নয়। এতে পাকস্থলীর ওপর অতিরিক্ত চাপ পড়ে। এমনকি হজমজনিত সমস্যা হওয়ারও সম্ভাবনা থাকে।
লবণযুক্ত খাবার : সাহরিতে লবণযুক্ত খাবার কিংবা অতিরিক্ত লবণ খাওয়া উচিত নয়। এ জাতীয় খাবার শরীরে পানিশূন্যতা তৈরি করে।
তৈলাক্ত ও মসলাজাতীয় খাবার : ইফতারের মতোই সাহরিতেও খাদ্য তালিকায় সতর্ক থাকা উচিত। এ সময় মুখের স্বাদে মসলাজাতীয় খাবার খেলে পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই সাহরিতে মাছ-মাংস ও শাক-সবজি রাখা উচিত।




