শেরপুরের ঝিনাইগাতীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

সোমবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শামসুল আলম, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুরুজ্জামান আকন্দ, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাসেম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম,. ছাত্রলীগ নেতা মো. মশিউর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান তালুকদার।

আলোচনা সভায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি অংশগ্রহণ করেন। ওইসময় উপজেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,দলীয় রাজনৈতিকদলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থীগন অংশগ্রহণ করেন। এছাড়া দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্প্রচার, শিক্ষার্থীদের সমন্বয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটির সমাপ্তি ঘটে।




