বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত বিভিন্ন সময়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের জানমাল রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা, মোনাজাত ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। এ উপলক্ষে ১ মার্চ মঙ্গলবার সকালে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্স মাঠে স্থাপিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক দিয়ে প্রয়াত শহীদ পুলিশ সদস্যদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী। পরে একে একে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

অনুষ্ঠানের শুরুতে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্য জেলা পুলিশ একটি চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে। ওইসময় বিউগলে করুণ সুর বেজে উঠে। পরে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে তাদের প্রতি সম্মান জানান এবং তাদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে পুলিশ লাইন্সের ড্রিল শেডে পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরীর সভাপতিত্বে পুলিশ মেমোরিয়াল ডে-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সিআইডির সহকারী পুলিশ সুপার সৈকত আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরও-১ মো. হুমায়ুন কবির।

সভা শেষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী শেরপুর জেলার পুলিশ সদস্যদের পরিবারবর্গকে উপহার সামগ্রী ও স্বীকৃতি স্মারক প্রদান করা হয়।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ প্রতি বছর ১লা মার্চ পালন করা হচ্ছে।




