মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে মালবোঝাই ১৪টি ট্রাক নিয়ে উল্টে গেছে রো রো ফেরি শাহ আমানত। ২৭ অক্টোবর বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ৫ নম্বর ফেরিঘাটে ডুবে যায় ফেরিটি।

বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে শাহ আমানত নামের বড় আকারের ফেরিটি পাটুরিয়ার ৫ নম্বর ঘাট পন্টুনে নোঙর করে। স্বাভাবিকভাবে ফেরি থেকে যানবাহনগুলো আনলোডের সময় আকস্মিক ফেরিটি নদীতে ডুবে যায়। এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরিচা ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর মো. মুজিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এক পাশে অতিরিক্ত ওজনের কারণে ফেরিটি কাত হয়ে ডুবে গেছে। এখনো পর্যন্ত পাঁচটি কাভার্ড ভ্যান ও একটি মোটরসাইকেল শনাক্ত করা গেছে।

তিনি বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ হামজা।




