গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এদিন করোনায় আক্রান্তে কেউ মারা যায়নি। মৃতদের মধ্যে ময়মনসিংহের ২ জন ও নেত্রকোনার একজন। মৃতদের মধ্যে ২ জন পুরুষ ও একজন নারী। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে তাঁদের মৃত্যু হয়।

এ নিয়ে চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৮৮ জনের মৃত্যু হলো। গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১ হাজার ২৬ জনের মৃত্যু হয়েছিল।
করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের রেনু আরা (৫০), মুক্তাগাছা উপজেলার হিরা মিয়া (৬০) ও নেত্রকোনার পূর্বধলা উপজেলার সায়েদ আলী (৫০)।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১১ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৫৮ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে তিনজন চিকিৎসাধীন আছেন। এ ছাড়া সুস্থ হয়ে দুজন হাসপাতাল ছেড়ে গেছেন।
সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১৩৪টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়নি। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৬৯ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৪৫৫ জন।









