দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৫৯৯ জন। ১১ অক্টোবর সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে মোট শনাক্ত কভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৯৫৮ জনে। তাদের মধ্যে এ পর্যন্ত ২৭ হাজার ৬৯৯ জনের মৃত্যু হয়েছে। যে ১১ জন মারা গেছেন, তাদের নয়জনই নারী।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত হার ২ দশমিক ৫৮ শতাংশ হয়েছে, যা আগের দিন ২ দশমিক ৩৬ শতাংশ ছিল।

সরকারি হিসাবে একদিনে দেশে সেরে উঠেছেন আরও ৬৩৪ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ২৪ হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে উঠলেন।









