সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমে আসায় প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে জনমনে উদ্বেগ কিছুটা কমেছে। গত ৩ সপ্তাহ ধরে শনাক্তের হার ৫ শতাংশের নিচে রয়েছে। আর এক সপ্তাহ ধরে এ হার ৩ শতাংশের নিচে রয়েছে। গত শুক্রবার মৃত্যুর সংখ্যাও এক অঙ্কের ঘরে নেমে আসে। তবে গত দেড় বছরে মানুষের মনের গভীরে যে ক্ষত তৈরি হয়েছে, তা থেকে পরিত্রাণ পেতে সময় লাগবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কারণ কারোনাকালে অর্থনৈতিক সংকট বেড়েছে। চাকরি হারিয়ে পরিবার-পরিজন নিয়ে ঘোর অনিশ্চয়তায় পড়েছেন অনেকে। প্রিয়জনের সংক্রমণ ও মৃত্যু, বেকারত্ব এবং জীবনযাপনের স্বাভাবিক পরিস্থিতি না থাকায় মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়েছে এই সময়ে। একটি বেসরকারি সংস্থার জরিপে দেখা যায়, করোনার প্রথম বছরেই বিষণ্ণতাজনিত রোগ ৫ গুণ এবং উৎকণ্ঠাজনিত রোগ ১০ গুণ বেড়েছে।

এবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য’। দিবসটি উপলক্ষে আজ রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ ছাড়া দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতাল ও সামাজিক প্রতিষ্ঠান আলোচনা সভাসহ নানা সচেতনতামূলক কর্মসূচি পালন করবে।
করোনাকালের ধকল কাটিয়ে সংকটে থাকা ব্যক্তিরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবে তো- এ প্রশ্ন অনেকের। সঠিক পরিচর্যা পেলে মানসিক সংকটে থাকা ব্যক্তিরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলেন, মানসিক সংকটে থাকা ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফেরানোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এজন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ও মনোবিদ অধ্যাপক মোহিত কামাল বলেন, করোনা সংক্রমণের আশঙ্কায় মানসিক চাপ বেড়ে যায়। পরিবারের সদস্যদের সংক্রমিত হওয়ার ভয়, নিজে সংক্রমিত হলে চিকিৎসার সুযোগ মিলবে কিনা, তা নিয়ে মানসিক চাপ তৈরি হয়। একই সঙ্গে সংক্রমিত হয়ে আইসোলেশনে থাকাকালীন একাকিত্ব নিয়েও ছিল আতঙ্ক। এ ছাড়া কাছের মানুষের মৃত্যু মনকে শোকাতুর করে তোলে। ভীতিকর চিত্র বা সংবাদ দেখে আতঙ্কবোধ করা। স্বাস্থ্যবিধি মেনে চলেন; এমন ব্যক্তি যখন দেখেন অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলছেন না, তখন তিনি মানসিক চাপ অনুভব করেন। তিনি আরও বলেন, চিকিৎসাসেবার কর্মীরা বাড়তি কাজের চাপের কারণে মানসিক সমস্যায় পড়েন। এ ছাড়া করোনাকালে অর্থনৈতিক সংকট বেড়েছে। অনেকে চাকরি হারিয়েছেন। এতে মানসিক চাপ তৈরি হয়েছে। এ থেকে উত্তরণের জন্য সঠিক পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি ভয়াবহ হবে।
গবেষণায় আরও দেখা গেছে, পুরুষদের তুলনায় নারীরা মানসিক সমস্যায় বেশি ভুগছেন। গবেষণায় অংশ নেওয়া পুরুষদের মধ্যে ২৩ দশমিক ৬ শতাংশ এবং নারীদের মধ্যে ৩৩ দশমিক ১ শতাংশ মানসিক সমস্যায় ভুগছেন। অন্যদের তুলনায় শিক্ষার্থী ও বেকাররা অধিক সংখ্যায় মানসিক রোগে ভুগছেন। গবেষণায় অংশ নেওয়াদের মধ্যে ৫২ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৪৭ দশমিক ৫ শতাংশ নারী রয়েছেন। এর মধ্যে ৫১ দশমিক ৭ শতাংশ চাকরিজীবী এবং ২৪ দশমিক ৮ শতাংশ শিক্ষার্থী। গবেষণায় অংশ নেওয়াদের ৭৫ শতাংশই রাজধানীতে বাস করেন। এ চিত্র বিশ্নেষণ করে গবেষকরা দেখিয়েছেন, সাধারণ সময়ের চেয়ে করোনাকালে মানসিক সমস্যা বেড়েছে।
গবেষণায় বলা হয়, গত এক বছরে দেশে আত্মহত্যার ঘটনা ঘটেছে প্রায় ১৪ হাজার। এ সংখ্যা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। সুনির্দিষ্টভাবে করোনা নিয়ে কুসংস্কার ও ভীতির কারণেই পাঁচজনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ছাড়া করোনা সংক্রমণের আতঙ্ক, চিকিৎসা প্রাপ্তি নিয়ে অনিশ্চয়তা, মৃত্যুভয়, অর্থনৈতিক বিপর্যয় ও বেকারত্বের কারণে বাড়ছে মানসিক সংকট। করোনা আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে মানসিক চাপ বেড়েছে। এমনকি মহামারিকালে বেড়েছে পারিবারিক ও লিঙ্গভিত্তিক সহিংসতাও।
এক-চতুর্থাংশের বেশি হতাশা ও উদ্বেগ বেড়েছে- ল্যানসেট : গতকাল শনিবার যুক্তরাজ্যের স্বাস্থ্য সাময়িকী ল্যানসেটে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, মহামারির প্রথম বছরের বিশ্বব্যাপী হতাশা ও উদ্বেগের ঘটনা এক-চতুর্থাংশের বেশি বেড়েছে। বিশেষ করে নারী ও তরুণদের মধ্যে তা বেশি প্রভাব ফেলেছে।
গত বছর করোনা ভাইরাস বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্যের ওপর যে প্রভাব ফেলেছে, তা বিশ্নেষণ করে গবেষকরা ধারণা করছেন, মহামারির প্রথম বছরেই ৫ কোটি ২০ লাখ মানুষ বিষণ্ণতায় এবং অতিরিক্ত ৭ কোটি ৬০ লাখ মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে। এই হতাশা ও উদ্বেগ ২৬ থেকে ২৮ শতাংশ মানুষের মধ্যে প্রভাব ফেলেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোতে মানসিক সমস্যায় বেশি সংখ্যক মানুষ ভুগছে। করোনায় চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ মানুষের বিষণ্ণতা ও উদ্বেগ বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন গবেষকরা। মহামারির কারণে মানসিক স্বাস্থ্যসেবার অতিরিক্ত চাহিদা পূরণ করা চ্যালেঞ্জিং হবে উল্লেখ করে গবেষকরা বলেছেন, এ জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, যুক্তরাজ্যে মানসিক স্বাস্থ্যসেবা নেওয়া ব্যক্তিদের ৩২ শতাংশ জানিয়েছে, মহামারির কারণে পরিস্থিতি বিপর্যস্ত হয়েছে। ইতালি ও স্পেনে শিশু-কিশোরদের মধ্যে মানসিক স্বাস্থ্যঝুঁকি বেড়েছে। কানাডায় ১৫ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে ২০ শতাংশ হারে বেড়েছে মদ্যপান। মহামারির আগের অবস্থার তুলনায় এপ্রিলে ইথিওপিয়ার মানুষের মধ্যে বিষণ্ণতা তিন গুণ বেড়েছে।
জরুরি পদক্ষেপ নিতে বলছেন বিশেষজ্ঞরা : করোনার মতো মানসিক স্বাস্থ্য সমস্যাও এখন বৈশ্বিক আকার ধারণ করেছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনটি বিষয়ে গুরুত্ব দিয়েছেন। এগুলো হলো- মানসিক স্বাস্থ্যের সুরক্ষা, উন্নতি ও যত্নে পুরো সমাজকে যুক্ত করার পাশাপাশি জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং করোনামুক্ত ব্যক্তিদের ভবিষ্যতে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের ব্যবস্থা থাকতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে বিভিন্ন পর্যায়ের ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য নির্দেশিকাও তৈরি করেছে। বিশেষ করে শিশুর মনের যত্ন মা-বাবা কীভাবে নেবেন সে সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে মানসিক স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। করোনা-সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটিও করোনাকালীন মানসিক স্বাস্থ্যের বিষয়ে উদ্যোগ নিতে স্বাস্থ্য বিভাগকে পরামর্শ দিয়েছে।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার সমকালকে বলেন, করোনাকালে সংকট আরও ঘনীভূত হয়েছে। বিশেষ করে আগে থেকে মানসিক সমস্যায় থাকা ব্যক্তিরা এ সময়ে চিকিৎসকের শরণাপন্ন কম হচ্ছেন। এতে তাদের সমস্যা আরও বাড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে করোনাজনিত বহুবিধ মানসিক সমস্যা। এগুলো বিবেচনায় নিতে হবে। বরাদ্দ বাড়িয়ে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে।
হাসপাতাল ও ব্যক্তিগত চেম্বারে চিকিৎসা নিতে আসা ব্যক্তিদের তথ্য পর্যালোচনা করে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন বলেন, এখন মানসিক সংকট মারাত্মক আকার ধারণ করছে। পরিবারে কারও মৃত্যু কিংবা স্বাভাবিক জীবনযাপনে অসুবিধার সম্মুখীন হওয়ায় তীব্র উদ্বিগ্নতাজনিত সমস্যা তৈরি হয়েছে। করোনার প্রভাব পড়ছে শিশু-কিশোর ও তরুণদের ওপরেও। অনলাইন আসক্তি আর আচরণজনিত সমস্যা বাড়ছে। এ ছাড়া ভুলে যাওয়া সমস্যা, মনোযোগের অভাব, খিটখিটে মেজাজ, আত্মহত্যার প্রবণতা নিয়ে বেশিরভাগ রোগী আসছে। করোনাকালে মাদক সেবনের ঘটনাও বেড়েছে। আগের পরিমাণে কম মাদক নিতেন- এমন ব্যক্তিরা করোনাকালে তা বাড়িয়ে অসুস্থ হয়ে পড়ছেন। এ সমস্যা থেকে উত্তোরণের জন্য মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে।









