করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৪৭০ জনে। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩১০ জনের। এতে মোট করোনা আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৩ হাজার ৮৭৩ জনে। ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ওইসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮২১টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এসব ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯ হাজার ৫০৫টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ১৮৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৬ লাখ ৭৬ হাজার ১২৩টি।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪ দশমিক ৪৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ০৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৯৫ জন কোভিড রোগী। তাদের নিয়ে এখন পর্যন্ত সেরে উঠলেন ১৫ লাখ ১৩ হাজার ৮৭৬ জন।









