জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ১২ সেপ্টেম্বর রবিবার এ সংক্রান্ত একটি চিঠি বিভিন্ন ব্যাংকে পাঠানো হয়েছে। চিঠিতে মঙ্গলবারের মধ্যে নির্দিষ্ট ফরমে ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাবের সব তথ্য পাঠাতে বলা হয়েছে।

অন্য সাংবাদিক নেতারা হলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি আব্দুল কাদের গণি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, অন্য অংশের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) আরেক অংশের সভাপতি এম আব্দুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন, ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) অপরাংশের সভাপতি মোল্লা জালাল ও ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মোরসালীন নোমানী এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান খান।
উল্লেখিত ব্যক্তিবর্গ ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কোনও হিসাব অতীতে অথবা বর্তমানে পরিচালিত হয়ে থাকুক বা না থাকুক সেসব তথ্য (যাবতীয় কাগজপত্রাদিসহ হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি, ট্রানজেকশন প্রোফাইল, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী) বিস্তারিত আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে তথ্য বিবরণীর সফটকপি পাঠানোর নির্দেশ দেওয়া হয়।









