সাবেক ডেপুটি স্পিকার ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলী আশরাফ আর নেই। তিনি ৩০ জুলাই শুক্রবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা গেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। নিউমোনিয়া, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন আওয়ামী লীগের প্রবীণ এ নেতা। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পৃথক শোক বার্তায় আলী আশরাফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশকরেছেন। তারা প্রয়াত নেতার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জান যায়, গলব্লাডারের স্টোন-সংক্রান্ত সমস্যায় অধ্যাপক আলী আশরাফকে গত ২ জুলাই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শরীরে নিউমোনিয়াসহ নানা রোগের উপসর্গ ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি ঘটায় ৯ জুলাই আইসিইউতে স্থানান্তরের পর ২১ জুলাই থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। অধ্যাপক আলী আশরাফ স্ত্রী, এক ছেলে, ৪ মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। এফবিসিসিআই পরিচালক ও চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু তার ছেলে।
শুক্রবার বাদ এশা রাজধানীর গুলশান আজাদ মসজিদে আলী আশরাফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকাল ১০টায় চান্দিনা মহিলা কলেজ মাঠে দ্বিতীয়, বাদ জোহর উপজেলার দোল্লাই নবাবপুর হাই স্কুল মাঠে তৃতীয় এবং বাদ আসর নিজ বাড়ি গল্লাই ইসমাইল দাখিল মাদ্রাসা মাঠে সর্বশেষ জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।

উল্লেখ্য, ৫ বারের এমপি আলী আশরাফের জন্ম ১৯৪৭ সালের ১৭ নভেম্বর কুমিল্লার চান্দিনায়। ১৯৬২ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অধ্যয়নরত অবস্থায় ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ পাস করেন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখেন। ১৯৭৩ সালের সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র এমপি নির্বাচিত হন। পরে আওয়ামী লীগ থেকে ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হন। তিনি সপ্তম সংসদে ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন। বর্তমান সংসদে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন।









