ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালের (মমেক) করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জন করোনায় ও ৮ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। হাসপাতাল সূত্রে ওই তথ্য জানা গেছে। ৩১ জুলাই শনিবার সকালে মমেকের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ৫ জন ময়মনসিংহ জেলার, নেত্রকোনার ২ জন ও টাঙ্গাইল জেলার ১জন। উপসর্গ নিয়ে মারা যাওয়া ৮ জনের মধ্যে ময়মনসিংহের পাঁচজন, জামালপুর, শেরপুর ও কিশোরগঞ্জের একজন করে।করোনায় মৃত্য হওয়া ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের আবদুল আউয়াল (৭২), নুরুল হুদা (৬৫), ফুলপুর উপজেলার রহিমা খাতুন (৫০), হালুয়াঘাটের নরেশ চন্দ্র (৯৬), গফরগাঁওয়ের মনির হোসেন (৫০), নেত্রকোনা সদরের আবদুল আজিজ (৭০), হামিদা খানম (৮৫) ও টাঙ্গাইলের কালীহাতী উপজেলার হাবিবুল্লাহ (৫৮)। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া ব্যক্তিরা হলেন, ময়মনসিংহের গৌরীপুরের আব্দুল মোতালেব (৬০), শামসুদ্দিন (৭০), মুক্তাগাছার সামসুল ইসলাম (৬৫), ঈশ্বরগঞ্জের সুফিয়া খাতুন (৭০), ফুলবাড়িয়ার শকুন্তলা (৫০), জামালপুর সদরের কাছিম উদ্দিন (৭০), শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আবদুর রহমান (৭৮) ও কিশোরগঞ্জের রাশিদা বেগম (৬০)।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৯০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৮৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন।
এদিকে, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৫৩ টি নমুনা পরীক্ষা করে ২০৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৭৪ শতাংশ বলে জানিয়েছেন ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।









