মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ছিলো কঠোর বিধিনিষেধ। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, কোরবানির পশু কেনাকাটা, দেশের আর্থ সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়। তাই বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকে চিরচেনা রূপে ফিরেছে রাজধানী। ১৫ জুলাই বৃহস্পতিবার সকাল থেকে চলতে শুরু করেছে গণপরিবহন। খুলেছে দোকানপাট। সকালে রাজধানীর মিরপুর ১, ২ ও ১০ নম্বর, কল্যাণপুর, শ্যামলী, ধানমন্ডি এলাকা ঘুরে দেখা গেছে, অর্ধেক আসন ফাঁকা রেখে চলছে বাস। তাই যাত্রীদের কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে বাসের জন্য।

মিরপুর ১ নম্বর থেকে হোসাইন রাজু নামের এক চাকরিজীবী বলেন, ‘খিলগাঁও থেকে লাব্বাইক বাসে করে মিরপুর এলাম। ভাড়া নিয়েছে ৪০ টাকা। তারপরও স্বস্তি। বাসে আসতে পারলাম। লকডাউনে তো সব গাড়ি বন্ধ ছিলো। তখন ৫০০ টাকা খরচ করেও অফিসে আসতে হয়েছে।’
গাবতলী থেকে রফিকুল ইসলাম নামে এক যাত্রী বলেন, ‘আজ সকাল থেকেই ঢাকা আবার আগের রূপে ফিরেছে। আবার সেই যানজট। তারপরও ভালো লাগছে। আমি মৌচাক থেকে আয়াত পরিবহনে করে ১৫ টাকা দিয়ে ফার্মগেট এলাম। এরপর ২৫ টাকা দিয়ে ওয়েলকাম বাসে করে গাবতলী এলাম। আজ আসতে খরচ অনেক কম হয়েছে।’

এদিকে, দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান বলেন, ‘আজ থেকে সব ধরনের গণপরিবহন চলছে। কিন্তু করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জনগণ যাতে মাস্ক পরে, সামাজিক দূরত্ব মেনে চলে সেই জন্য আমরা কাজ করছি।’









