করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২১০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরুষ ১৩১ জন এবং নারী ৭৯ জন। সবমিলিয়ে মৃত্যু পৌঁছেছে ১৭ হাজার ৫২ জনে। এই সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৩৮৩ জনের শরীরে। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জন। এর আগের ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছিল ১২ হাজার ১৯৮ জন। ওই সময় মৃত্যু হয়েছিল ২০৩ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৪২ হাজার ৪৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। রোগী শনাক্তের হার ২৯ দশমিক ১৪ শতাংশ। করোনা আক্রান্ত রোগীদের মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ২৪৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৯৭ হাজার ৪১২ জন।
ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় ৬৯ জনের মৃত্যু হয়েছে করোনায়। খুলনা বিভাগে মৃত্যু হয়েছে ৪৬ জনের। চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছে ৩৯ জনের, রাজশাহীতে ১৫ জন এবং রংপুর বিভাগে ১৪ জনের।









